নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানার মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর ও জাঙ্গাইলা এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি জামাল উদ্দিন খোকাসহ ০৭ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শিবপুর থানার কারারচর গ্রামের মো. মিজান মিয়ার ছেলে জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা আক্তার (২৪), জাঙ্গাইলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৭), আওয়ালের স্ত্রী শামসুন নাহার (৫০), মৃত শুকুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২) ও ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা, একটি একনলা বন্দুক, একটি স্টিলের পিস্তল, একটি প্লাস্টিকের রিভলভার, তিনটি ম্যাগজিন, দুটি শটগানের কার্তুজ, ফেন্সিডিলসহ দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান ও পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে ০১টি মামলা, আজিজুল মিয়া এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।





