নিজস্ব প্রতিবেদক
ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল “বাংলার ঈগল” উদ্বোধন করা হয়েছে| মঙ্গলবার (২ জুন) দুপুরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন|
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল-ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ|
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, আগের নকশা ও কাঠামো অনুসরণ করে আগের চেয়ে আরো বড় আকারে ৩১ ফুট উচ্চতা ২২ ফুট প্রস্থে নতুন পরিসরে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে| যা আগে ছিল ১৬ ফুট বাই ১২ ফুট| ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য গত ২০ জানুয়ারি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য পরিবারের অনুমতি ক্রমেই সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর|
উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন| দেশের প্রতি অকৃত্রিম প্রেম ও ভালবাসায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের একটি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হন| তার অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়| বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে| তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সালে তার গ্রামের বাড়িতে একটি জাদুঘর নির্মাণ করা হয়| পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিফলক ‘বাংলার ঈগল’ নির্মাণ করা হয়| ত্রিমুখী কালো পাথরের এই ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত| অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে| মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে| সবার ওপরে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক হিসেবে একটি যুদ্ধ বিমানের ভাস্কর্য রয়েছে|











