নেপালে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে পদকজয়ী খেলোয়াড়দের সাথে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিবেদক
১০ জুন সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জনকারী নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা ও নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের কৃতি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া ।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আওলাদ হোসেন মোল্লা, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, কারাতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও খেলোয়াড়রা।
ক্রীড়াবান্ধব জেলা প্রশাসক খেলোয়াড়দের আন্তর্জাতিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “তোমাদের এই অর্জনে নরসিংদী ও বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেনসি রুপু আহমেদ এর দীর্ঘ দুই দশকের নিষ্ঠা, ত্যাগ ও অবদানের প্রশংসা করেন এবং সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
নরসিংদী জেলা কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।