নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নরসিংদীকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে।
২৮ ফেব্রুয়ারি নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে সাথে যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য ৩১দফা বাস্তবায়নে কাজ করে যাবে বলে জানান।
নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা কার্যকর করা হবে।
দুর্নীতি মুক্ত মানবিক সমাজ ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সকলে কাধে কাধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে,ইপটিজিং এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
তিনি বলেন, পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই । আমরা এমপি-মন্ত্রীরা আপনাদের কাছে কোনো অন্যায় সুপারিশ করলে আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন।
তিনি আরো জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী’র পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী পৌরপার্কে ৮দিনব্যাপী অমর একুশের বইমেলা ও সাহিত্যিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, আপনার সন্তানের হাতে মোবাইলের পরিবর্তে বই তুলে দিন। সন্ধ্যার পর সন্তানকে বাইরে থাকতে দিবেন না। পড়ার টেবিলে বসান। ১২ বছরের সন্তানের সাথে অন্য থাকতে দিবেন না। সন্তান কার সাথে মিশে খোঁজ খবর নিবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন রায়পুরা থেকে নির্বাচিত এমপি মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক, লেখক এম ওবায়দুর রহমান ও কাজি লিলি। আলোচনা শেষে, প্রধান অতিথি একুশের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।





