মাধবদী উত্তরা ব্যাংক থেকে উত্তোলিত টাকা আল আরাফাহ ব্যাংকে জমা দেয়ার পথে ছিনতাই

মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদীতে উত্তরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আল আরাফাহ ইসলামি ব্যাংকে জমা দেওয়ার পথে এক ডাইং কর্মচারীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে অস্ত্রের মুখে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৮ জুন) দুপুরে মাধবদী বাজারের হরে কৃষ্ণ স্টোরের সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ জালাল উদ্দিন (৫৯) বাদী হয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল সুবহান প্রধানের ছেলে মোঃ জালাল উদ্দিন বর্তমানে মাধবদী থানাধীন ভগীরথপুরের ‘নীলা ডাইং’-এ কর্মরত আছেন। ঘটনার দিন দুপুরে তিনি মাধবদী বাজারের উত্তরা ব্যাংক শাখা থেকে কোম্পানির নগদ ৬ লক্ষ টাকা উত্তোলন করেন। উক্ত টাকা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে হরে কৃষ্ণ স্টোরের সামনে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার চালকসহ অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতকারী তার গতিপথ রোধ করে।

প্রথমে মানি এক্সচেঞ্জের ঠিকানা জিজ্ঞেস করার বাহানায় দুষ্কৃতকারীরা জালাল উদ্দিনকে কাছে ডাকে এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে সিএনজিতে তুলে নেয়। গাড়ি চলতে শুরু করলে চালকসহ ভেতরে থাকা অপর দুই জন তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দিয়ে ব্যাগে থাকা নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে মাধবদী গরুর হাট সংলগ্ন হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী জালাল উদ্দিন জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি প্রশাসনের নিকট দ্রুত খোয়া যাওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ।