নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণার পর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া’র দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী সদর উপজেলার দুটি পৌরসভা, উপজেলা প্রশাসন, ১৪ টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে, সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য জায়গায় একযোগে পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
উল্লেখ্য, আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল ধ্বংস, এবং সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের মতো নরসিংদীতে প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে।
১১ সেপ্টেম্বর শনিবার নরসিংদীর শিক্ষা চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন , সিভিল সার্জন বুলবুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম এন মিজানুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী পৌরসভা ইঞ্জিনিয়ার শাজাহান মিয়া, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, বিএনসিসি, আনসার, স্কাউট, নরসিংদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ পরিচ্ছন্নতাকর্মীগণ।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কোন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠানের কিংবা ব্যাক্তি বিশেষের একক উদ্যোগে বাস্তবায়ন করা সম্ভব নয়।
সরকারি-বেসরকারি দপ্তর,জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন, নরসিংদী প্রেসক্লাব সহ গণমাধ্যম কর্মী তথা দেশের প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সর্বোপরি, সকলের সহযোগিতায় বর্জ্য অপসারণের উপযুক্ত স্থান নির্ধারণ করে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে করা প্রয়োজন।
আসুন অনেক চ্যালেঞ্জ, সমালোচনা, সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সকলে একসাথে নরসিংদীর সদর উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করি, পরিচ্ছন্ন নরসিংদী গড়ি।
অনুরূপ ভাবে উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে নরসিংদী জেলার সকল উপজেলা ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।











