গাবতলী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন শেফালী বেগম

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা (অবঃ) প্রধান শিক্ষক, নরসিংদী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা গার্ল গাইডের সাবেক কমিশনার শেফালী বেগম আর নেই। তিনি সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যা, পুত্রবধু, মেয়ে জামাই,ভাই-বোন, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বহুগুণগ্রাহী রেখে যান।
শেফালী বেগমের মরদেহ আজ বৃহস্পতিবার পশ্চিম ব্রাহ্মন্দীস্থ বাসভবনে আনা হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জোহর নরসিংদী সদর উপজেলা মসজিদ প্রাঙ্গণে শেফালী বেগম এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের গাবতলী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী খবর পত্রিকার সম্পাদক অধ্যাপিকা সেতারা বেগম, আজকের চেতনা সম্পাদক এ বি এম আজরাইল টিপু, জেলা সুজন এর সাধারণ সম্পাদক সাংবাদিক হলধর দাস, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরে আলম খান, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নুল আবেদীন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।