মাধবদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

মামুনুর রশিদ
নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের শিমুলের কান্দী গ্রামে পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানার আদালতের ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এবিষয়ে নরসিংদীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মাধবদীর শিমুলেরকান্দি গ্রামের মৃত জোহর আলীর ছেলের বউ মোসাঃ ছালেহা বেগম (৮৫) বাদী হয়ে হান্নান গংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবিষয়ে জমির বাদীর ছেলে ফারুকের বক্তব্য ও মামলা সূত্রে জানা যায়, শিমুলেরকান্দি মৌজার আর.এস-৭৫ নং খতিয়ানে, ৮৫ নং দাগের মোট ১৫ শতাংশ জমিতে বাদীর বৈধ মালিকানা ও দীর্ঘদিনের ভোগ-দখল রয়েছে। ১৯৭৪ সালে পর্চা মূলে মালিক মুকসুদ আলীর নিকট জমিটি ক্রয় করে এযাবতকাল পর্যন্ত ভোগ দখল করে আসছিল। কিন্তু জমিটি ক্রয়ের পর নামজারি (খারিজ) করা হয়নি। পরবর্তীতে এই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমান বিবাদী মুকসুদের পুত্র মান্নান গং খারিজা ঘর খালি পেয়ে নিজের নামে নামজারি(খারিজ) করে জাকির , মাহাতাব ও রানুর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে।
গত ২৫ জুন ২০২৬ তারিখে সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে উক্ত জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। এ সময় বাদীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি দেয়। ফলে বাদিকে মামলার আশ্রয় নিতে হয়। আদালত গত ২২ জুলাই ২০২৬ তারিখে মামলার শুনানিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। আদালত মাধবদী থানার ওসিকে নালিশি ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দখল ও মালিকানা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসঙ্গে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ পরবর্তী দিন ধার্য করা হয়েছে। কিন্তু বিবাদীরা পুলিশের মাধ্যমে আদালতের নোটিশ পাওয়ার পরও জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মান করছেন।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে, যেন আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয়।

বর্তমানে যারা মালিকানা দাবি করে জমিতে বিল্ডিং নির্মান করছেন তাদের মধ্য থেকে জাকিরের সাথে কথা বললে তিনি জানান জমিটি আমরা বৈধ মালিকদের পক্ষ থেকে ক্রয় করে নামজারি(খারিজ) করে ভোগ দখল করে করছি।

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত মাধবদী থানার পুলিশ অফিসার এসআই মেহেদী হাসান জানান, নালিশি ভূমিতে আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে। আমরা সরেজমিতে জমিতে গিয়ে কাজে বাঁধা দিয়ে আসার পরও তারা আবারও কাজ করার খবর পেয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছি। এখন আর কেউ জমিতে কাজ করতে পারবে না। যারা আদালতের কথা মানেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।