হলধর দাস ।।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া নরসিংদীতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আমরা কোনো খারাপ কাজ করবো না, ভালো কাজের ভালো মানুষ হবো ” বলে আমাদেরকে শপথ নিতে হবে। যারা খারাপ কাজ করে তাদের বর্জন করতে হবে। তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।
২৪ নভেম্বর নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে সাইকেল, বেঞ্চ, সেলাই মেশিন, স্কুল ব্যাগ, ছাতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছু করা যায় ; এর প্রমাণ আমাদের সামনে বসা আলতাফ হোসেন দুখু মিয়া। তিনি দু’হাত বিহীন শারিরীক প্রতিবন্ধী থাকা সত্বেও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিজে একাই একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তাঁর কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অদম্য ইচ্ছা শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোন সমস্যা নয়। আলতাফ হোসেন দুকু মিয়ার মতো ভালো কাজের ভালো মানুষ হতে হবে। সমাজের সকল অপকর্ম দূর করতে হবে। আমরা সবাই মিলে আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আলতাফ হোসেন দুকু মিয়ার মতো সমাজটাকে আমরা আলোকিত করবো। পরিবেশ সুন্দর রাখতে প্রত্যেককে অবদান রাখতে হবে। নিজের চারপাশ নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন রাখবো। গাছ লাগিয়ে তার যত্ন নিতে হবে। কারও আশায় বসে থাকলে চলবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এসময় স্থানীয় সরকার উপপরিচালক মোঃ সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সুধীজন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। অনুষ্ঠান উপস্থাপনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ মনিরুজ্জামান মিয়া অদম্য প্রতিভা অধিকারী আলতাফ হোসেন দুখু মিয়া স্কুলের রেজিষ্ট্রেশন, স্কুলের জন্য ৩০ জোড়া বেঞ্চ, দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ১৮ টি বাইসাইকেল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ স্কুল ব্যাগ, ১০০ ছাতা, মহিলাদের স্বাবলম্বীর জন্য ২০ টি সেলাই মেশিন এবং ২৫০ টি পরিবেশ বান্ধব চারাগাছ বিতরণ করেন। বিতরণ কাজে নরসিংদী জেলা স্কাউটস, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা সহযোগিতা করেন।

পরে শিবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ১৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী ভিক্ষুক সফিকুল ইসলামকে সমাজ সেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মালামালসহ একটি মুদি দোকান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান,উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন প্রমুখ।
এর পূর্বে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়া নরসিংদী জেলা কর্ণধারদের সাথে মতবিনিময় সভা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং নরসিংদী জেলা অফিসার্স ক্লাবের সংস্কার ও তোরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
আমাদের ভালো মানুষ হবার শপথ নিতে হবে – মোঃ মনিরুজ্জামান মিয়া











