মানুষ কোথায় হারিয়ে গেল – মোতাহার হোসেন অনিক

মানুষ কোথায় হারিয়ে গেল?
টাঙ্গাইলের সেই বিভীষিকাময় ঘটনা শুধু একটি অপরাধ নয়—এটি আমাদের বিবেকের ওপর আঘাত, আমাদের মানবিকতার ওপর নির্মম প্রশ্ন। একজন অন্তঃসত্ত্বা নারী, তার অনাগত সন্তান—যাদের সবচেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার কথা, তারাই আজ সবচেয়ে নৃশংসতার শিকার। এই দৃশ্য কেবল একটি পরিবারের শোক নয়, এটি পুরো জাতির লজ্জা।
আমরা কি সত্যিই মানুষ?
নাকি কেবল মানুষের অবয়ব ধারণ করে হিংস্রতা লালন করছি?
আইয়ামে জাহেলিয়াত যুগের বর্বরতার কথা আমরা ইতিহাসে পড়েছি, ঘৃণা করেছি। কিন্তু আজকের এই নির্মমতা যেন সেই অন্ধকারকেও হার মানায়। প্রযুক্তি, শিক্ষা, সভ্যতার গর্ব করি আমরা—কিন্তু হৃদয়ের ভেতরে যদি মানবিকতা না থাকে, তবে এই অগ্রগতি কিসের?
প্রতিদিন খবরের কাগজ, ফেইসবুক, টুইটারে দেখি নতুন নতুন নিষ্ঠুরতার গল্প। কোথাও শিশু, কোথাও নারী, কোথাও অসহায় মানুষ—সবাই যেন এই অমানবিকতার শিকার। আর আমরা? কিছুক্ষণ ক্ষোভ, কিছুক্ষণ প্রতিবাদ, তারপর আবার নীরবতা। এই নীরবতাই কি অপরাধীদের সাহস জোগাচ্ছে না?
বিচারহীনতা,প্রতিবাদহীনতার সংস্কৃতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমরা ধীরে ধীরে একটি অসভ্য সমাজে পরিণত হবো—যেখানে নিরাপত্তা থাকবে না, মানবিকতা থাকবে না, থাকবে শুধু ভয় আর অন্ধকার।
আজ সময় এসেছে শুধু দুঃখ প্রকাশের নয়, জাগ্রত হওয়ার।
সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার।
সময় এসেছে মানবিকতার পক্ষে দাঁড়ানোর।
রাষ্ট্রের কাছে দাবি—
অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
যেন আর কোনো মা, কোনো অনাগত প্রাণ এভাবে নির্মমতার শিকার না হয়।
হায় সমাজ!
হায় আমাদের হারিয়ে যাওয়া মানবিকতা!
আমরা কি আবার মানুষ হতে পারবো? নাকি এই অন্ধকারেই ডুবে থাকবো চিরকাল…
চেয়ারম্যান
নবধারা শিক্ষা পরিবার,নরসিংদী