নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নরসিংদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকায় পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখা প্রয়োজন। মশার প্রজননস্থল ধ্বংসে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নরসিংদী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোঃ সফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুঃ রাসেদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহঃ শাহনুর জামান।
ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লিফলেট বিতরণ











