নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় আবদুল মান্নান ভূঁইয়া’র ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এই উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে নরসিংদীর শিবপুরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই সোমবার শিবপুর উপজেলার ধনুয়া এলাকায় মরহুমের সমাধির পাশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলামের একজন সাহসী কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক । রাজনৈতিক জীবনে তিনি সততা, আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সকালে ধানুয়াস্থ মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজে হলরুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দিন সভাপতিত্বে আলোচনা সভা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক। দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর সততা, প্রজ্ঞা ও নেতৃত্ব আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা আরও বলেন, নরসিংদী তথা শিবপুরের গর্ব আবদুল মান্নান ভূঁইয়ার কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মরহুম নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।
এছাড়া শিবপুর উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা
শিবপুরে মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক , সাধারণ সম্পাদক আবুল হোসেন আবিলসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন দেশের একজন সৎ, দক্ষ ও দূরদর্শী রাজনীতিবিদ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।