একজন শিশুর প্রথম শিক্ষক হলেন মা – মহাপরিচালক আবদুল জলিল

নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা তথ্য অফিসের উদ্যোগে
গভার্নেস পারফরম্যান্স মনিটরিং সিস্টেম কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশে ভার্চ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় হলো পরিবার, আর তার প্রথম শিক্ষক হলেন মা। একটি শিশু কথা বলা, ভদ্রতা, সততা, শৃঙ্খলা, ভালোবাসা ও মানবিকতার প্রথম শিক্ষা মায়ের কাছ থেকেই পায়। তাই একজন শিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন মা একটি সুন্দর পরিবার গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
০৪ আগস্ট লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাধানগর রায়পুরায় নারী সমাবেশে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মো: ওবাইদুল কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার আবু রায়হান মো: আসাদুজ্জামান, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা রহমান। অনুষ্ঠানে প্রায় ২০০ জন নারী-পুরুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, ধর্ষণ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।