ক্রীড়া প্রতিবেদক
নরসিংদী জেলা পর্যায়ে ৫৩ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, খেলাধুলায় আমরা নির্মল আনন্দ উপভোগ করি। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব ও শৃঙ্খলা শেখে। শারীরিক ও মানসিক সুস্থতার উন্নয়ন ঘটে। একেক জনের প্রতিভা একেক রকম। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় আবার কেউ সংস্কৃতিতে। বর্তমান সরকার খেলা ধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নতুন কুঁড়ি স্পোর্টস এবং প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলা পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরি করার।
তিনি সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ পুকুরটি পরিদর্শন করেন এবং পুকুরটি প্রয়োজনীয় সংস্কার করে সাঁতার উপযোগী করার ঘোষণা দেন।
১৫ সেপ্টেম্বর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহঃ শাহনুর জামান।
বক্তব্য রাখেন সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু তালেব, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক ও শিক্ষিকা দেলোয়ারা বেগম।
হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন বালক নরসিংদী সদর উপজেলার মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন, বালিকা চ্যাম্পিয়ন রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন বালক পলাশ উপজেলার গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়, বালিকা চ্যাম্পিয়ন শিবপুর উপজেলার আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপিঠ। দাবা বালক বড় চ্যাম্পিয়ন পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা বড় চ্যাম্পিয়ন সদর উপজেলার ব্রাহ্মন্দী গার্লস স্কুল এন্ড কলেজ, বালক মধ্যম চ্যাম্পিয়ন শিবপুর উপজেলার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি, বালিকা মধ্যম সদর উপজেলার পিনাকল চাটার্ড স্কুল এন্ড কলেজ।
এছাড়া রয়েছে মুক্ত সাঁতার, বুক সাঁতার, চিৎ সাঁতার ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপের পুরস্কার।
সাটিরপাড়া স্কুলের পুকুরটি সংস্কার করে সাঁতার উপযোগী করব – ইসরাত জাহান কেয়া











