নুরুল ইসলাম নূরচান
নরসিংদীর প্রাণকেন্দ্রে প্রবাহিত মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্রের অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন ঐতিহ্য ও শিল্পসমৃদ্ধ জনপদ আলোকবালী ইউনিয়নের এক মনোরম পরিবেশে ১৯৯৩ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ছড়াকার ও সংগঠক আসাদ সরকার। জ্ঞান ও শিল্পের সুতিকাগারে বেড়ে ওঠা এই মানুষটি আজ কেবল একটি নাম নয়, বরং বাংলা সাহিত্যের আঙিনায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম। কৈশোরে স্কুলজীবন থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে তার কলম সচল হয়, যা সময়ের পরিক্রমায় তাকে একজন সুদক্ষ ছড়াকারে রূপান্তর করেছে। জীবনের প্রতিটি বাঁকে ছন্দের দোলা অনুভব করা আসাদ সরকার তার সৃজনশীল সত্তাকে কেবল সাহিত্যচর্চায় সীমাবদ্ধ রাখেননি, বরং একই সাথে নিজেকে উৎসর্গ করেছেন মানুষ গড়ার মহৎ পেশায়। তিনি নরসিংদী আদর্শ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও পরিচালক এবং মাধবদী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন। এছাড়া নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। শিক্ষকতার মতো চ্যালেঞ্জিং ও মহান পেশার পাশাপাশি তিনি নিয়মিত দেশসেরা বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে লেখনীর মাধ্যমে পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সাহিত্যের প্রতি তার দায়বদ্ধতা থেকে তিনি গড়ে তুলেছেন সৃজনশীল সাহিত্য সংগঠন ‘সাহিত্যের সন্ধানে’। তার প্রকাশিত গ্রন্থগুলোর দিকে তাকালে একজন সাহিত্যিক হিসেবে তার বিচরণক্ষেত্রের বিস্তৃতি স্পষ্ট হয়ে ওঠে। ২০২১ সালে ‘মোদের ঘরে চাঁদের আলো’ ছড়াগ্রন্থের মাধ্যমে তার বই প্রকাশের যাত্রা শুরু হয়। এরপর ২০২২ সালে ‘মটকু ভূত’, ২০২৩ সালে ‘ছড়ার হাসি’, ২০২৪ সালে ‘ছড়ায় ছড়ায় বাবা মা’ এবং ২০২৫ সালে ‘খোকার ভাবনা’ প্রকাশিত হয়। একই বছর গল্পের জাদুকর হিসেবে তিনি উপহার দেন ‘ভূতের পাঠশালা’ নামের একটি গল্পগ্রন্থ। সবশেষে ২০২৬ সালে প্রকাশিত হয় তার একক সপ্তমত শিশুকিশোর ছড়াগ্রন্থ ‘জ্বলছে আগুন’। আসাদ সরকারের ছড়া ও গল্প যেন প্রতিটি শিশুকিশোর ও পাঠকের মনের কোণে এক নির্মল আনন্দ ও চেতনার খোরাক জোগায়। আগামী ১৫ এপ্রিল তার শুভ জন্মদিন। শুভ জন্মদিনে তার জন্য অনেক অনেক শুভকামনা। একজন নিভৃতচারী শিক্ষক ও সৃজনশীল ছড়াকার হিসেবে তিনি নিরন্তর লিখে যাচ্ছেন, ছন্দে ছন্দে বুনে যাচ্ছেন আগামীর সুন্দর ও স্বপ্নিল পৃথিবী। তার অসামান্য এই শিল্পমগ্ন জীবন ও নিরলস সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে এবং তাকে করে তুলেছে সমসাময়িক বাংলা ছড়াসাহিত্যের এক অনন্য ও প্রসিদ্ধ কণ্ঠস্বর। আসাদ সরকারের হাত ধরে শিশু-কিশোর সাহিত্য আরো সমৃদ্ধ হোক- এই প্রত্যাশা রইলো।





