ডেঙ্গু সচেতনতায় নরসিংদী সরকারি কলেজ রোভার

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট বুধবার নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা রেলি ও লিফলেট বিতরণ কর্মসূচি-২০২৬” পালন করা হয়েছে।

“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খাদিম হোসেন, গ্রুপ সম্পাদক হামিদা আক্তার, শিক্ষক পরিষদ সম্পাদক আব্দুল হালিম ভূঁইয়া।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে রোভার লিডার এবং রোভার স্কাউট সদস্যরা অংশ নেন।
রোভার স্কাউট সদস্যরা কলেজের সকল বিভাগ,শ্রেণিকক্ষে শিক্ষার্থীবৃন্দ, কর্মচারী,কর্মকর্তাবৃন্দ, পথচারীদের কাছে এবং রেলস্টেশনে যাত্রী এবং দোকানিদের কাছে লিফলেট বিতরণ করেন।

সতেনতা বৃদ্ধিতে একটি র‍্যালি নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রোভার স্কাউট সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক স্লোগান ও বিভিন্ন বার্তা প্রচার করেন। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি পর্যায়ের সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এমন উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

সচেতনতা হোক প্রতিরোধের শক্তি—ডেঙ্গুমুক্ত হোক আমাদের আবাস ও সমাজ।