ফাহিমা খানম
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে –
নরসিংদীর পলাশে বহুল আলোচিত শেখ শরিফের আত্মহত্যার ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করেছেন নিহত শেখ শরিফের পিতা প্রবাসী বাসিরউদ্দিন শেখ। গত ১৭ মার্চ পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামে নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে শেখ শরিফ। এই ঘটনায় নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে নিহত শেখ শরিফের পিতা সৌদি প্রবাসী বাসিরউদ্দিন শেখ বাদী হয়ে নরসিংদী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে ৪ জনের নাম উল্লেখ’সহ আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
ঘটনার বিবরনে প্রকাশ, প্রবাসী বাসিরউদ্দিন শেখ দীর্ঘদিন যাবত প্রবাস জীবনে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। দেশে তার স্ত্রী ও একমাত্র পুত্র শেখ শরিফ বসবাস করতেন। বাসিরউদ্দিন শেখ প্রবাসে চাকুরি এবং ব্যবসায় উপার্জিত অর্থ নিজ স্ত্রী ও ছেলে শেখ শরিফের কাছে পাঠাতেন। আর এসবের খবর রাখতেন বাসিরউদ্দিন এর ভায়রা ভাই পলাশ চরপাড়া নিবাসী ও সৌদি প্রবাসী হাবিবুল্লাহ ও তার পরিবারের সদস্যরা। অর্থলোভী হাবিবুল্লাহ ও তার পরিবারের সদস্যরা প্রবাসী বাসিরউদ্দিন শেখ এর উপার্জিত অর্থগুলো নিজেদের করে নিতে নানা ফন্দিফিকির করতে থাকে এবং এরই ধারাবাহিকতায় আত্মীয়তার সূত্র ধরে প্রথমে হাবিবুল্লাহ নিজে বাসিরউদ্দিন শেখ এর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা ধার হিসেবে নিয়ে আসে এবং তার কিছু টাকা পরবর্তী সময়ে পরিশোধ করে দেয়। এমনিভাবে তাদের মধ্যে ধার দেনা-পাওনা চলতে থাকে। একপর্যায়ে হাবিবুল্লাহ’র একমাত্র পুত্র সৌদি প্রবাসী মাসুম বিল্লাহ’র স্ত্রী অর্থলোভী সাবিহা আক্তার (লীরা) শেখ শরিফকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সম্পর্কের ঘনিষ্ঠতার এক পর্যায়ে সাবিহা আক্তার (লীরা) ও তার শ্বশুর হাবিবুল্লাহ পরিকল্পনা করে শেখ শরিফের কাছ থেকে ফেরত দেয়ার শর্তে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা ধার নেয়। পরবর্তী সময়ে ধার নেয়া এই ৩০ লক্ষ টাকা ফেরত দেয়া তো দূরের কথা শেখ শরিফের কাছ থেকে তারা আরও টাকা আনার চেষ্টা করে।
প্রবাসী হাবিবুল্লাহ’র পুত্রবধূ সাবিহা আক্তার (লীরা)কে দেশের বাড়িতে রেখে মোটা অংকের অর্থ আত্মসাৎ এর লোভে ভায়রাপুত্র শেখ শরিফের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ানোর সুযোগ করে দিয়ে প্রতিনিয়ত শেখ শরিফের কাছ থেকে মোটা অংকের অর্থ বাগিয়ে নিতে থাকে। এক পর্যায়ে শেখ শরিফ তার ধার দেয়া ৩০ লক্ষ টাকা খালু হাবিবুল্লাহ’র কাছে ফেরত চাইলে হাবিবুল্লাহ, তার পুত্রবধূ মাসুম বিল্লাহ’র স্ত্রী সাবিহা আক্তার (লীরা), হাবিবুল্লাহ’র স্ত্রী রুনি বেগম ও হাবিবুল্লাহ’র একমাত্র পুত্র মাসুম বিল্লাহ মিলে সুপরিকল্পিত ভাবে শেখ শরিফের প্রতি ক্ষুব্ধ হয়ে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় শেখ শরিফকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বাড়ির পাশবর্তী পাকা রাস্তা থেকে তুলে নিয়ে আসে। হাবিবুল্লাহ’র চরপাড়া দুই কক্ষ বিশিষ্ট নতুন বাড়িতে শেখ শরিফকে আটক করে অত্যন্ত অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। শুধু তাই নয়, এক পর্যায়ে শেখ শরিফের আপত্তিকর ছবি তুলে ও ভিডিও ধারণ করে পরবর্তীতে আরও ২০ লক্ষ টাকা দাবি করে। তাদের দাবিকৃত ২০ লক্ষ টাকা দিতে অক্ষমতা জানালে হাবিবুল্লাহ, তার স্ত্রী রুনি বেগম ও পুত্রবধূ সাবিহা আক্তার (লীরা) বলে যে, তোর বিয়ের জন্য সৌদি আরব থেকে যে ১৫ ভরি স্বর্ণ কিনে এনেছেতোর বাবা সেগুলো বিক্রি করে টাকা দিবি অন্যথায় স্বর্ণগুলো এনে দিবি। আর তা যদি করতে না পারিস তাহলে তোকে মেরে লাশ গুম করে ফেলবো।
পরবর্তী সময়ে শেখ শরিফ হাবিবুল্লাহ ও তার পরিবারের সদস্যসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের হাত থেকে ছাড়া পেয়ে নিজ পরিবার ও নিকটাত্মীয় দের কাছে উক্ত শারীরিক ও মানসিক নির্যাতন এবং আর্থিক লেনদেন সহ তাদের চাহিদাকৃত টাকার বিষয়ে অবহিত করে।
এক পর্যায়ে শেখ শরিফ তার পরিবার ও নিকটাত্মীয়দের এ বিষয়ে অবহিত করার কারণে তার প্রতি ক্ষিপ্ত হয়ে হাবিবুল্লাহ ও তার পরিবারের সদস্যরা আবারও একদল সন্ত্রাসী ভাড়া করে শেখ শরিফকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। ঘটনার দিন বিকেল বেলা শেখ শরিফকে বাড়ির নিকটবর্তী পাকা রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যায় এবং প্রচন্ড রকমের মারপিট করে। সেই সাথে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিকৃত ২০ লক্ষ টাকা দিতে ব্যর্থ হলে শুধু শেখ শরিফকেই নয়, তার পিতা-মাতাকেও খুন করে লাশ গুম করে ফেলবে। জানাযা পড়ার জন্যও লাশ খুঁজে পাবে না কেউ। এই বলে দেশীয় অস্ত্রসহ বিদেশী পিস্তল বের করে দেখায় হাবিবুল্লাহ।
অতঃপর শেখ শরিফ সেখান থেকে নিজ বাড়িতে গিয়ে নিজের মা’কে ঘটনার সম্পর্কে অবহিত করে ও কিছু সংখ্যক নিকটাত্মীয়ের কাছে উক্ত ঘটনার সম্পর্কে জানিয়ে চরম হতাশ হয়ে সমূহ আতঙ্ক আর মান-অভিমান নিয়ে অবশেষে নিজ কক্ষে ঢুকে দরজা-জানালা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ যাবত দরজা-জানালা বন্ধ থাকায় শেখ শরিফের মা একমাত্র পুত্রকে ডাকাডাকি করে ব্যর্থ হয়ে বাড়ির অন্যান্য লোকজনকে ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পান যে, শেখ শরিফের দেহ ফ্যানের সাথে ঝুলিতেছে। এই দৃশ্য দেখতে পেয়ে শেখ শরিফের মা মুহূর্তেই গগনবিদারী আর্তচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরবর্তী সময়ে শেখ শরিফের পিতা সৌদি আরব প্রবাসী বাসিরউদ্দিন শেখ একমাত্র পুত্রের আত্মহত্যার খবর শুনতে পেয়ে কিংকর্তব্যবিমোড় হয়ে ইমার্জেন্সী টিকেট কেটে বাংলাদেশে ফিরে আসেন।
এ দিকে ততক্ষণে নিহত শরিফের লাশ ময়নাতদন্তের জন্য ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির পুলিশ এসে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরদিন ময়নাতদন্ত শেষে নিহত শরিফের লাশ বাড়িতে আনার পর তার পিতা সৌদি প্রবাসী বাসিরউদ্দিন শেখ একমাত্র পুত্রের নিথর দেহ খাটিয়ায় পড়ে থাকতে দেখে হাউমাউ করে কাঁদতে থাকেন। নিজের মনকে আর কোন কিছুতেই সান্তনা দিতে পারছিলেন না নিহত শরিফের বাবা। পুত্র শোকে কাতর নিহত শরিফের পিতা বাসিরউদ্দিন শেখ দেশে এসে একমাত্র পুত্রের আত্মহত্যার কারণ উদঘাটন করতে গিয়ে জানতে পারেন নিজের নিকটাত্মীয়দের কারণেই অকালে চলে যেতে হয়েছে তার একমাত্র পুত্রকে। আর তাই দীর্ঘদিন পর হলেও শেখ শরিফের আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে নরসিংদী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- বাসিরউদ্দিন শেখ এর ভায়রাপুত্র মাসুম বিল্লাহ’র স্ত্রী সাবিহা আক্তার (লীরা), ভায়রাভাই হাবিবুল্লাহ, হাবিবুল্লা’র স্ত্রী ও বাসিরউদ্দিন শেখ এর জেঠাইস রুনি বেগম ও হাবিবুল্লাহ’র প্রবাসী পুত্র মাসুম বিল্লাহ। নরসিংদী আদালতে মামলা নং-৫১৭/২০২৬, ধারা-৩০৬, ৩৪, ৫০৬(২)। এ ছাড়াও অভিযুক্তদের নামে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর-৫৬০, তারিখ-১১/০৮/২০২৬।
এ রিপোর্ট লেখাকালিন পর্যন্ত যতদূর জানা যায়, মামলাটি বর্তমানে নরসিংদী জেলা সিআইডি পুলিশের তদন্তাধীন রয়েছে।
এদিকে পলাশ চরপাড়া ও বাগপাড়া এলাকার সচেতন মহলের দাবি- একমাত্র হাবিবুল্লাহ ও তার পরিবারের কারণে একটি তরতাজা প্রাণ শেখ শরিফের বড় অসময়ে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য দায়ী এই অপরাধীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা এখন সময়ের দাবি। বিশেষ করে হাবিবুল্লাহ’র পুত্রবধূ ও মাসুম বিল্লাহ’র স্ত্রী সাবিহা আক্তার (লীরা)৷ হাবিবুল্লাহ ও তার স্ত্রী রুনি বেগমকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো শেখ শরিফের আত্মহত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল। তাই বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট বিচারিক কার্যে সম্পৃক্ত সকলে এগিয়ে আসবেন, বিশেষ করে স্হানীয় প্রশাসন জরুরি হস্তক্ষেপের মাধ্যমে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে জরুরি ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করছেন স্হানীয় সচেতন মহলসহ ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।











