নিজস্ব প্রতিবেদক
নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা মো: হালিম মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। অভিযুক্ত পিতা দীর্ঘদিন যাবৎ তার নাবালিকা কন্যাকে তার নরসিংদী শহরস্থ শীলমান্দি মহল্লার নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলো এবং তা ভিডিও ধারণ করে রাখে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত পিতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদী সদরের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক ব্যানারে একাধিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নাবালিকার মামা মো: সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার(১৮/৯/২০২৬) ভোরে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি মাজার থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ এর আগেও তাকে গ্রেফতারের জন্য,নরসিংদী, মুন্সীগঞ্জ,সিলেটের গোয়াইনঘাট জেলায় অভিযান চালিয়েছিলো। গতকাল(১৮/৯/২০২৬)শুক্রবার বিকেল ৫টায় নরসিংদী মডেল থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আশিকুর রহমান লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস সহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার











