নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী সম্প্রতি তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও তিনি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গত ১৪ মে ২০২৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর এডহক কমিটি গঠনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস,আর,ও নং- ৭৩-আইন/২০২৪ এর ৬৪ (১) ধারা অনুযায়ী গত ২১ মে ২০২৬ তারিখে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে মাখন দাস, সাধারণ শিক্ষক সদস্য মো: রাজু আহাম্মদ, অভিবাবক সদস্য আসাদুজ্জামান মনির এবং পদাধিকার বলে সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ-এর নাম অনুমোদন দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাখন দাস বলেন, এই প্রতিষ্ঠান শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমার আবেগ, ভালোবাসা, স্মৃতি ও শিকড়ের সঙ্গে জড়িত। এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ।
তিনি আরো জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষার্থীদের ˆনতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজের সকলের সমন্বয়ে বিদ্যালয়কে আরও সমৃদ্ধ প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে। আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করব।











