নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার বানিয়াদি গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান খোকন (পিতা: মৃত সিরাজ উদ্দিন খন্দকার) অভিযোগ করেছেন, প্রতিবেশী রুস্তম আলী ও আজমত আলী (উভয়ের পিতা: আব্দুল সাইনিছ ) দীর্ঘ ৫৪ বছর ধরে তার ১৫৮.৩৮ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছেন।
ভুক্তভোগীর দাবি, দখলকৃত জমির একটি অংশ ইতোমধ্যে প্রতিপক্ষ বিক্রি করে দিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তিনি ন্যায়বিচার পাননি। তার অভিযোগ, প্রভাবশালী প্রতিপক্ষ অর্থের প্রভাব খাটিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।
আসাদুজ্জামান খোকন জানান, তিনি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি লড়াই চালিয়ে যাওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই ন্যায়বিচারের আশায় তিনি কখনো ব্যানার হাতে প্রেস ক্লাব, কখনো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, আবার কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তার পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, চেষ্টা করেও অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীতে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ব্যানার হাতে খোকন











