গণমাধ্যম কর্মীদের সাথে নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

তারা জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

মতবিনিময় সভায় উভয় পক্ষই জেলার উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নরসিংদী জেলার আইনশৃংখলা, মাদক, যানজট, তেল, বিদ্যুৎসহ অন্যান্য সমস্যার কথা অবহিত করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, আবদুর রহমান ভূঁইয়া, মোঃ মোর্শেদ শাহরিয়ার, মোঃ হাবিবুর রহমান, সহসভাপতি হলধর দাস, কাজী আনোয়ার কামাল, আজকের খোঁজখবর সম্পাদক মনজিল এ মিল্লাত, সময় সম্পাদক হুমায়ুন কবীর শাহ, সমাচার সম্পাদক এ কে ফজলুল হক, চ্যানেল ওয়ান এর মোঃ শাহীন মিয়া, আমার দেশ পত্রিকার শরীফ ইকবাল রাসেল।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার সামিনা তানীসহ প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।