নিজস্ব প্রতিবেদক
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ২৭ জুলাই সোমবার নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেন।
অভিযান চলাকালে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ জন জাল বিক্রেতাকে আটক ও তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিস নরসিংদী সদর, র্যাব-১১ নরসিংদী, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ জব্দকৃত কারেন্ট জাল ধ্বংস ও ৩ জনকে অর্থদন্ড











